ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট

২০২৬ জুন ১২ ১৮:০৫:০৫
সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট

স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিউটি পার্লারের কর্মী পরিচয়ে অভিনব কৌশলে দুই গৃহবধুর প্রায় তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে এক নারী প্রতারক।

গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মাদানীনগর এলাকার সিটি টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সুমাইয়া খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে এক নারী তার বাসায় এসে নিজেকে একটি বিউটি পার্লারের কর্মী এবং প্রতিবেশী হিসেবে পরিচয় দেয়। তার কথায় বিশ্বাস করে তিনি ওই নারীকে বাসায় প্রবেশের অনুমতি দেন। পরে পাশের বাসার আরেক নারী প্রতিবেশীও ফেসিয়াল করানোর জন্য সেখানে আসেন।

এক পর্যায়ে প্রতারক নারী দুজনকে ফেসিয়াল করার কথা বলে চেয়ারে বসায়। অভিযোগ রয়েছে, কৌশলে তাদের চেতনানাশক প্রয়োগ করে অচেতন বা অসাড় অবস্থায় ফেলে দেয়। এরপর সুমাইয়া খানের গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কানে থাকা ৪ আনা ওজনের দুটি স্বর্ণের দুল এবং তার প্রতিবেশীর ৫ আনা ওজনের দুটি স্বর্ণের দুল খুলে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন সরকার জানান, ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্তে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অভিযুক্ত নারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

(এসডি/এসপি/জুন ১২, ২০২৬)