ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃত্যু, কান্নায় ভারী সাতক্ষীরা

২০২৬ জুন ১৪ ১৭:৫০:২০
২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃত্যু, কান্নায় ভারী সাতক্ষীরা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট, পানিতে ডুবে এবং বজ্রপাতে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও কলারোয়ায় এসব ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে (১৩ জুন) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর একজনকে বেতনা নদী এবং অপরজনকে একটি মাছের ঘের থেকে উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে কলারোয়া উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। হঠাৎ বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একদিনে চারজনের প্রাণহানির এসব ঘটনায় পুরো জেলায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবার-পরিজনের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(আরকে/এসপি/জুন ১৪, ২০২৬)