প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
ব্রাজিলের পক্ষে শরিফুল রাজ, প্রিয় ফুটবলার রোনালদিনহো
২০২৬ জুন ১৫ ১৫:৪৬:৩১
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। মাঠে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রিয় দলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস, আলোচনা ও তর্ক-বিতর্কে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রকাশ্যে জানাচ্ছেন নিজেদের সমর্থনের কথা।
এবারের বিশ্বকাপে ব্রাজিলকে ঘিরে সমর্থকদের আগ্রহ ও প্রত্যাশা সবচেয়ে বেশি। প্রথম ম্যাচের আগেই দলটি নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। পাশাপাশি জানান নিজের প্রিয় দল ও প্রিয় ফুটবলারের নামও।
শরিফুল রাজ বলেন, ‘আমি সবসময়ই ব্রাজিলের সমর্থক। তাদের খেলার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। খেলা বুঝতে শেখার পর থেকেই ব্রাজিলের খেলা ভালো লাগে। আর রোনালদিনহো আমার সবচেয়ে প্রিয় ফুটবলার।’
বিশ্বকাপ ঘিরে ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাজ বলেন, প্রতি আসরেই তিনি দলটির খেলা আগ্রহ নিয়ে অনুসরণ করেন এবং এবারও ব্রাজিলের ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন।
র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করলেও বড় পর্দাতেই পরিচিতি পান শরিফুল রাজ। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর ‘ন ডরাই’ সিনেমায় নজর কাড়েন। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। এরপর ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
সবশেষ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। তবে বর্তমানে সিনেমার পাশাপাশি বিশ্বকাপের আমেজেও মেতে আছেন তিনি, আর তার সমর্থনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
(ওএস/এএস/১৫ জুন, ২০২৬)
