ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠিতে মতবিনিময় সভা

২০২৬ জুন ১৫ ১৭:২৮:৫৪
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠিতে মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানে ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা। গতকাল রবিবার দুপুরে ঝালকাঠি কলেজ রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। তাঁকে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মনজুর হোসেন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মো. নূরনবী সোহেল। তাঁরা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার এবং ডিজিটাল যুগের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণমাধ্যমের প্রধান দায়িত্ব।সমাজের কল্যাণে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রুবেল খান, সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং দপ্তর সম্পাদক শংকর দাস পবন।
এছাড়া পিরোজপুর জেলা সভাপতি হাসান মামুন, কামরুজ্জামান সুইট, আব্দুর রাজ্জাক রাজু, এইচ এম গিয়াস উদ্দিন, কামাল হোসেন মৃধাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

(এমআর/এসপি/জুন ১৫, ২০২৬)