প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
২০২৬ জুন ১৫ ১৯:০৬:৩৫
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ সন্তানের জননী শিল্পি বেগমের (৩৫) মরদেহ গোয়াল ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে। স্বামীর বাড়ির লোকজন বলার চেষ্টা করছেন যে, ওই গৃহবধূ আত্মহত্যা করেছে।
অন্যদিকে, ওই নারীর ভাই অভিযোগ করছেন, তার বোনকে যৌতুকের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনার পর ওই নারীর স্বামী ইকবাল সিকদার পালিয়ে গেছে।কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা অজুহাতে তার বোনের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল ভগ্নিপতি ইকবাল সিকদার।
গতকাল রোববার রাতে তার বোন শিল্পি বেগমকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করে মরদেহ গোয়াল ঘরে ফেলে পালিয়ে যায় ইকবাল সিকদার। আজ সোমবার সকালে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ আড়াইশো বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াদ মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(টিবি/এসপি/জুন ১৫, ২০২৬)
