ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

২০২৬ জুন ১৬ ১৯:১১:৫১
ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে জেলার কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। আটককালে মিজানুরের দেহ তল্লাশি করে ১ হাজার পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

(ডিসি/এসপি/জুন ১৬, ২০২৬)