ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘শিক্ষাই জাতিকে বিশ্বশক্তিতে পরিণত করে’

২০২৬ জুন ১৮ ১৪:৪৪:৪০
‘শিক্ষাই জাতিকে বিশ্বশক্তিতে পরিণত করে’

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, আর জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষই একটি দেশকে বিশ্বশক্তিতে পরিণত করে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলেজ মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং পথশিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান শুধু একজন প্রখ্যাত চিকিৎসকই নন, তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থীও। যুক্তরাজ্যের খ্যাতনামা ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

কিন্তু সেই সাফল্যকে ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে তিনি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।

তিনি উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, ডা. জুবাইদা রহমানের জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে।
তার লক্ষ্য ছিল দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের উন্নয়ন। সেই আদর্শ অনুসরণ করেই আজকের এই আয়োজন করা হয়েছে।

পথশিশুদের শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে যদি এসব শিশুকে বিদ্যালয়ের গণ্ডির মধ্যে আনা যায় এবং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়, সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।

বক্তব্যে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উদাহরণ তুলে ধরেন। মঈন খান বলেন, অনেকেই মনে করেন ধন-সম্পদ বা সামরিক শক্তির কারণে আমেরিকা শক্তিশালী হয়েছে। কিন্তু প্রকৃত কারণ হলো শিক্ষা ও জ্ঞানচর্চা। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর বড় অংশ যুক্তরাষ্ট্রে অবস্থিত। সেখানকার মানুষ জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ অর্জন করেছে বলেই দেশটি বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, ডা. জুবাইদা রহমানও মানুষের কাছে শিক্ষার সেই আদর্শ পৌঁছে দিতে চান। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, পথশিশু, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমানের লক্ষ্য কখনো প্রচার নয়, বরং মানুষের কল্যাণ সাধন। সেই মানবিক আদর্শকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।

শেষে তিনি বলেন, ডা. জুবাইদা রহমানের শুভ জন্মদিনে সবাইকে অঙ্গীকার করতে হবে—মানবসেবা, শিক্ষা ও কল্যাণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান উপস্থিত ছিলেন।

এর বাইরে যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম-মহাসচিব ডা. ফারুক আহমেদ, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি নারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুন ১৮, ২০২৬)