প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
২০২৬ জুন ১৮ ১৭:২৭:২৭
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন” বিষয়ক এক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সাতক্ষীরা শহরের একটি হলরুমে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ-এর যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক নেতা অ্যাড. আবুল কালাম আজাদ।
কর্মশালায় মূল বিষয়ে আলোচনা ও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সমন্বায়ক মো. রোকনুজ্জামান।
দিনব্যাপী এই কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদক কল্যান ব্যাণার্জি, সাংবাদিক এম, কামরুজ্জামান, অ্যাড. আসাদুজ্জামান দিলু, অ্যাড. নাজমুন্নাহার ঝুমুর, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, গোলাম সারোয়ার, আমিনা বিলকিস ময়না, জেলা নাগরিক কমিটির আলী নুর খান বাবুল, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, শিক্ষক শেখ আশরাফুর রহমান ও মোমিনুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরায় অনুষ্ঠিত সংলাপটির মডারেটরের দায়িত্ব পালন করেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত।
বক্তারা বলেন, “দেশে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা মানবাধিকার রক্ষায় কাজ করেন, তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই তাদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন এখন সময়ের দাবি।”
তবে সাতক্ষীরাসহ দেশ জুড়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ে যেভাবে একটি চাঁদাবাজ মহলের দৌরাত্ম্য বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেন একজন সাংবাদিক।
সংলাপে বক্তারা রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের যৌথ উদ্যোগে এই আইনের খসড়া দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান। পরবর্তীতে মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা অংশ নেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন।
(আরকে/এসপি/জুন ১৮, ২০২৬)
