ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা

২০২৬ জুন ১৮ ১৮:৫১:৫৯
হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা

রিপন মারমা, রাঙ্গামাটি : পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের অপসারণ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কর্মীদের দ্বারা হামলা, মিথ্যা মামলা এবং চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (বি-১৮৮৬) নেতাদের অন্যায্য বদলির প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কাপ্তাই শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেনের নেতৃত্বে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার নেতাকে পরিকল্পিতভাবে বদলি করা হয়েছে। একইসঙ্গে তাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা অবিলম্বে ওই হামলা ও মামলা প্রত্যাহার এবং অন্যায্য বদলির আদেশ বাতিলের জোর দাবি জানান। এছাড়া বিদ্যুৎ বিভাগ থেকে ফ্যাসিবাদের দোসর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্যদের অপসারণের আহ্বানও জানানো হয়।

সংগঠনের সহ-সভাপতি মো. কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আবদুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

(আরএম/এসপি/জুন ১৮, ২০২৬)