প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংয়ে ব্যবসায়ীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
২০২৬ জুন ১৮ ১৯:০৮:৩১মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ব্যক্তিকে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সোহেল পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা। হত্যাকাণ্ড শেষে উঠোনে থাকা সোহেলের মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক দেড়টা থেকে ২ টার মধ্যে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতদিনের মতো রাতের খাবার শেষে সোহেল মুন্সী তার বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে একাই ঘুমাতে যান। মাত্র কয়েকদিন আগে সন্তান জন্ম হওয়ায় তার স্ত্রী নুপুর বেগম ও মা শেফালি বেগম পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন।
রাত আনুমানিক ২ টার দিকে বাড়ির উঠানে বিকট শব্দ ও আগুন জ্বলতে দেখে নিহতের মা ও স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। তারা দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে এবং কিছু দূরে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘর থেকে বের করে আনে। এরপর বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং যাওয়ার সময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
নিহতের স্ত্রী নুপুর বেগম জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও পোড়া গন্ধ পেয়ে আমরা বাইরে এসে দেখি সব শেষ। সোহেলের মোটর সাইকেলটি উঠোনে দাউদাউ করে জ¦লছে। পাশের সোহেলের রক্তাত শরীর পড়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোবহান উল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনা স্থলে পৌছে পুলিশ সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের জখম ছিল। লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
(এমকে/এসপি/জুন ১৮, ২০২৬)
