ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডে চোখ এমবাপের

২০২৬ জুন ২১ ১৫:৫৫:২২
ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডে চোখ এমবাপের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল আসর মানেই রেকর্ডের মহাসাগর। প্রতিটি আসরেই চলে রেকর্ড ভাঙ্গা গড়ার খেলা। চলতি বিশ্বকাপে এরই মধ্যে বেশকিছু রেকর্ড হয়েও গেছে। আরো কত রেকর্ড হয় সেটা দেখার অপেক্ষায় সবাই। তবে এই বিশ্বকাপে এমন একটি রেকর্ড হওয়ার সম্ভাবনা আছে যা করা একজননের পক্ষেই সম্ভব। তিনি ফ্রান্সের চিলিয়ান এমবাপে। পারলে তিনিই পারবেন আর কেউ নন।

কি সেই বিরল কীর্তি যা বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে মাত্র একজন করেছেন? কোন কিংবদন্তি করেছেন?

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুর একটি রেকর্ড দীর্ঘ দুই দশক ধরে অক্ষুণ্ণ রয়েছে। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সরাসরি মাঠে নেমে খেলার অনন্য কীর্তি গড়েছিলেন এই সেলেসাও রাইট-ব্যাক। তিনি বিশ্বকাপের ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে ফাইনাল খেলেছেন।

ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর তিনটি ফাইনালের স্কোয়াডে থাকার রেকর্ড থাকলেও, তিন ফাইনালের প্রতিটিতেই মাঠ কাঁপানোর গৌরব কেবল কাফুরই আছে। ফুটবল বিশ্বের এই অতিমানবীয় রেকর্ডে এবার চোখ পড়েছে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপের।

২০১৮ সালে রাশিয়ার মাটিতে মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে ফাইনালে গোল করেছিলেন এমবাপে। এরপর ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেও ট্রফি ছোঁয়া হয়নি তার। তবে রানার্স-আপ হিসেবে দ্বিতীয় ফাইনাল খেলার অভিজ্ঞতা ঠিকই ঝুলিতে পুরেছেন।

বর্তমান বাস্তবতায় চলমান ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স যদি সব বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারে এবং এমবাপে মাঠে নামেন, তবেই তিনি স্পর্শ করবেন কাফুর সেই অমর রেকর্ড। কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ফাইনালে সরাসরি মাঠে নামার কীর্তি গড়বেন ফরাসি এই ফরোয়ার্ড।

বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ চিরন্তন হলেও, কিলিয়ান এমবাপের এই ঐতিহাসিক মাইলফলকের সম্ভাবনা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনেও চলছে তুমুল বিশ্লেষণ। ঘরোয়া ফুটবল বিশ্লেষকদের মতে, দিদিয়ে দেশমের দলের যে গভীরতা এবং শক্তি, তাতে টানা তৃতীয়বারের মতো ফাইনালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশ্বকাপ ফুটবল সবসময়ই অনিশ্চয়তার মঞ্চ, যেখানে যেকোনো মুহূর্তে ইনজুরি বা ফর্মের হেরফেরে সমীকরণ বদলে যেতে পারে।

ইতিহাসের পাতায় নিজেকে পেলে-কাফুদের কাতারে নিয়ে যাওয়ার এমন সুযোগ ফুটবলারদের জীবনে খুব কমই আসে। কাফুর রেকর্ডে ভাগ বসানোর এই কঠিন অভিযানে এমবাপে কতদূর যেতে পারেন, তার উত্তর মিলবে বিশ্বকাপের মাঠেই। ফুটবল বিশ্ব চাতক পাখির মতো চেয়ে আছে ফরাসি রাজপুত্রের এই ঐতিহাসিক অভিযাত্রার দিকে।

(ওএস/এএস/জুন ২১, ২০২৬)