ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পরিবারের অভিযোগ নির্যাতনে মৃত্যু

ফরিদপুরে ডিবি পুলিশের আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু

২০২৬ জুন ২১ ১৯:০২:৪৮
ফরিদপুরে ডিবি পুলিশের আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকসহ আটকের পাঁচ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, প্রান্তকে মাদক দিয়ে ধরে নিয়ে গিয়ে অতিরিক্ত মারধর করার কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, পুলিশ বলছে গ্রেপ্তার করে নিয়ে আসার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত ছাত্রলীগ নেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (৩০) মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে। ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার (২০ জুন) দিবাগত গভীর রাতে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রান্তকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ফরিদপুরে নিয়ে এসে জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এ ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।

এদিকে প্রান্তের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আটক করার পর ডিবি পুলিশের অতিরিক্ত নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিহতের চাচা ও মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর বলেন, 'গত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আমার ভাতিজা প্রান্তকে আটক করে। আজ সকালে জানতে পারি, সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। কিন্তু প্রান্ত দিব্যি সুস্থ ও সুস্বাস্থ্যের অধিকারী তরুণ ছিলো। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গেছেন। আমি অসুস্থ থাকায় বাড়িতে রয়েছি। এর বেশি কিছু জানি না'।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ‌ জানান, 'মধুখালী এলাকা থেকে গাঁজাসহ এক আসামিকে আটক করা হয়েছিল। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে'।

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে কোনো ধরনের শারীরিক আঘাত করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে'।

ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য, ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে নিহত ছাত্রলীগনেতা ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (৩০) স্থানীয় মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ ছাত্রলীগ নেতা পলাতক ছিলেন এবং তার নামে একাধিক মামলা ছিলো বলে জানিয়েছে পুলিশ।

(আরআর/এসপি/জুন ২১, ২০২৬)