প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
২০২৬ জুন ২৩ ১৮:৫৯:২৩
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় হতাহত ১১ জনের পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
বিআরটিএ সতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন খান, সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ হুমাউন কবির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, ম্যাকানিকাল এসিস্টান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, "দুর্ঘটনা না হোক, চেক বিতরণ না হোক" এ প্রত্যাশা করেন তিনি। মৃত্যুর ক্ষতিপূরণ টাকায় পরিমাপ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার পর সরকারি সহায়তার ব্যাপারে অনেকেই খোঁজ খবর রাখেন না। এজন্য সকলকে উদ্যোগ নিতে হবে। দুর্ঘটনা পরবর্তী সরকারি বরাদ্দের টাকা নিহতের পরিবার পিছু পাঁচ লাখ ও আহতের পরিবারকে এক লাখ যাতে সঠিক কাজে ব্যবহার হয় তা সকলকে খেয়াল রাখতে হবে। নিহত নয়জনের ও আহত দুই জনের পরিবারকে সহায়তা দেওয়া হলো।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ নিহত ও আহত পরিবারের সদস্যরা বিআরটিএ কর্তৃক আর্থিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছেন।
(আরকে/এসপি/জুন ২৩, ২০২৬)
