প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
২০২৬ জুন ২৩ ১৯:৫০:৫১
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অবশেষে অ্যাকশনে নেমেছে জেলা পুলিশ। ডিবি সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে ওসি আলমগীর হোসেনকে নির্ধারিত সময়ের মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণেই এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাকে ইতিমধ্যে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
নিহত মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। পরিবারের অভিযোগ, গত শনিবার (২০ জুন) বিকেলে ডিবি পুলিশ প্রান্তকে আটক করার সময় তার মায়ের সামনেই নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই মৃত্যুর ঘটনাকে 'হত্যাকাণ্ড' দাবি করে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা। গতকাল সোমবার জানাজার নামাজের আগে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখেন। পরে পরিবারের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। মধুখালী ঈদগাহ ময়দানে জানাজার পূর্বে স্থানীয় বিএনপি নেতারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের দাবি করেন। ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।
(ডিসি/এসপি/জুন ২৩, ২০২৬)
