ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
আমার বটবৃক্ষ
২০২৬ জুন ২৪ ১৭:৪৪:৫৯
পবিত্র মহন্ত জীবন
ছোটবেলার সেই চেনা হাত,
শক্ত করে ধরা,
বাবার চোখে বিশ্ব দেখার
স্বপ্ন ছিল ভরা।
ঝড়ের রাতে জড়িয়ে বুকে
রাখতেন যিনি ধরে,
সব বিপদে শান্ত হতাম
তাঁর সাহসের জোরে।
নিজের সুখটা সঁপে দিয়ে
আমার নতুন সাজ,
কষ্ট চেপে হাসতেন বাবা
আড়াল করে লাজ।
আদর-মাখা শাসন দিয়ে
গড়তেন মোর মন,
বাবার চেয়ে শ্রেষ্ঠ কে আর
আছে এ ভুবন?
কালের খেয়ায় বাবার মাথায়
আজকে সাদা চুল,
চোখের কোণে জমছে যেন
স্মৃতির কিছু ফুল।
ব্যস্ত আমি নিজের কাজে,
বাবা বড্ড একা,
বারান্দাতে বসে ভাবেন—
কবে হবে দেখা?
বাবা তুমি বটবৃক্ষ,
পরম আশ্রয়ের,
তোমার বুকেই শেষ ঠিকানা
আমার সব জয়ের।
আজকের দিনে বলছি বাবা,
তোমায় ভালোবাসি,
তোমার মুখেই দেখতে চাই
চিরদিনের হাসি।
