প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
২০২৬ জুন ২৪ ১৯:৩১:১৭
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক উপাদানসমৃদ্ধ ‘এসকাফ’ সিরাপসহ পারভীন (৩৭) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ওই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত শোভারামপুর বটতলা এলাকার একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পারভীন নামের ওই নারীকে আটক করে তার ঘরে তল্লাশি চালায় সংস্থার একটি টিম। তল্লাশিকালে তার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ক্ষতিকর কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড যুক্ত ৫ বোতল (মোট ৫০০ মিলি) নিষিদ্ধ ‘এসকাফ’ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন কিংবা সেবনের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় আনা হবে।
(ডিসি/এসপি/জুন ২৪, ২০২৬)
