প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
২০২৬ জুন ২৭ ১৩:২৩:০৫
আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার, ২৬ জুন আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
এর মাত্র দুই দিন আগে, বুধবার, ২৪ জুন সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন।
এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
ভয়াবহ ওই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
তাৎক্ষণিকভাবে নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে স্থানীয় বাসিন্দারা মারাকাই ও রাজধানী কারাকাসে ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।
বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা করছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ১৭২ জন আটকা পড়ে আছেন। এছাড়া নিখোঁজের সংখ্যা ৫০ হাজারের বেশি বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।
ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশে বিধিনিষেধ
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হয়েছে।
এদিকে সাধারণ মানুষ স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ, আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার কাজে নেমেছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা শিথিল
উদ্ধারকাজ সহজ করতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে মানুষ এখন নিখোঁজ স্বজনদের খোঁজে বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে পারছেন।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/জুন ২৭, ২০২৬)
