প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
২০২৬ জুন ২৭ ১৭:৫৪:০৫
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে খড়ি সংগ্রহে বনের গভীরে প্রবেশ করে নিখোঁজের পরদিন জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধের থেঁতলানো লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে বন্যহাতির আক্রমণে ওই বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন স্থানীয় মৃর্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পাহাড়ে খড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করতে বের হন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার এক জঙ্গল থেকে তার থেঁতলানো লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(আরআর/এসপি/জুন ২৭, ২০২৬)
