প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘শুধু ক্ষমতার ভাগ পাওয়ার সংস্কার চায় বিরোধীদল’
২০২৬ জুন ২৮ ১৭:৫৫:০৫
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, বিরোধীদল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলে। জুলাই সনদের কথা বলে। তারা শুধু সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার উনাদের ক্ষমতার ভাগ দেবে।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদল জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে এম এ মুহিত বলেন, ওনারা (বিরোধীদল) স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে এক দিনও আজ পর্যন্ত কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল। তারা অনেক কিছু চিন্তাভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছেন। আমি খুশি হতাম আমাদের বিরোধীদল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলতো।
এসময় চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ। মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।
স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের মূল লক্ষ্য ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো— উল্লেখ করে এম এ মুহিত বলেন, সরকার একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চায়। সেখানে ধনী-গরিব নির্বিশেষে বিনামূল্যে সহজলভ্য চিকিৎসা পাবে।
স্বাস্থ্য খাতে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই বাজেটে অপরিকল্পিতভাবে হাসপাতাল ও ভবন নির্মাণের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যখাতে বিনিয়োগ মানেই সমাজের বৈষম্য দূর করে। স্বাস্থ্যখাতে বিনিয়োগ মানেই হ্যাপিনেস তৈরি করে।
(ওএস/এএস/জুন ২৮, ২০২৬)
