ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি 

২০২৬ জুন ২৮ ১৮:৩২:২৫
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার বিজিবির জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ রবিবার দুপুরে সাতক্ষীরা বিজিবির সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে জনসম্মুখে এসব মাদক ধ্বংস করা হয়।

সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, যশোর বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর রহমান, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, সহকারী পুলিশ সুপার মো. নুরুল্লাহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, সাতক্ষীরা র‍্যাব-৬ কোম্পানি কমান্ডার যায়নুদ্দীন জিহাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিজিবির সদস্যরা। মাদক একটি সামাজিক মহামারি। এটি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর, কলারোয়া ও ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ছিল, যা আজ রোববার ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, আফিম তৈরির ২০ বোতল কেমিক্যাল, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন ধরনের মদ, ৬৩ লাখ ১৩ হাজার ১২০টি অবৈধ ওষুধ, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৩৫ কেজি তামাকের গুঁড়া, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি ও সিগারেট, ১০০ কেজি মাদক তৈরির বটপাতা এবং ২ বোতল লিকুইড সীসা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাতক্ষীরা- ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মাদকমুক্ত দেশ গঠনে সীমান্তে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক একটি সামাজিক সমস্যা হওয়ায় এটি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার পাশাপাশি সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,সাতক্ষীরা বিজিবির উপ-অধিনায়ক সাদমান সাদিক।

(আরকে/এসপি/জুন ২৮, ২০২৬)