প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইল-২ আসনের এমপির ব্যক্তিগত সহকারি বরখাস্ত
২০২৬ জুন ২৮ ১৯:২২:১৩
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকার দুই জায়গায় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ের নাম থাকা নিয়ে সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
আজ রবিবার বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। আদেশটি রবিবার (২৮ জুন) থেকে কার্যকর বলে গণ্য হবে।
এর আগে, সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের কন্যার নাম দুই জায়গায় থাকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আলোচনা-সমালোচনার মাঝেই শনিবার (২৭ জুন) সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। কিন্তু তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ জন্য তিনি তার ব্যক্তিগত সরকারিকে (পিএস) দায়ী করেন।
(আরএম/এসপি/জুন ২৮, ২০২৬)
