প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নিরপেক্ষ তদন্তের দাবি
পাকশী রেল ভূ-সম্পত্তি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
২০২৬ জুন ২৮ ১৯:২৯:৪৪
ঈশ্বরদী প্রতিনিধি : পাকশী রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তার দপ্তরের অফিস সহকারী অলিভ হোসাইনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার নামে তিনি অসাধু উপায়ে অর্থ আদায়সহ নানা অনিয়মে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগে বলা হয়, রেলওয়ের দখলকৃত জমির অস্থায়ী ও স্থায়ী লাইসেন্স, খাজনা আদায় এবং অন্যান্য ভূমি-সংক্রান্ত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করা হয়েছে। অনেক ক্ষেত্রে নামমাত্র লাইসেন্স বা খাজনার রশিদ দিয়ে ভুক্তভোগীদের হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ১৭ অক্টোবর বোয়ালমারী রেলস্টেশনে পরিচালিত উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে কর্তৃপক্ষ তাকে শাস্তিমূলকভাবে অন্য দপ্তরে বদলি করলেও পরবর্তীতে পদোন্নতি নিয়ে পুনরায় পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তার দপ্তরে যোগদান করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় প্রভাব খাটিয়ে রেলওয়ের সম্পত্তি দখল, মাটি কেটে বিক্রি এবং একটি প্রভাবশালী চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে। ভেড়ামারা এলাকার রেলওয়ের সম্পত্তি ও জলাশয় ভরাটের ঘটনায়ও তার নাম স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত অলিভ হোসাইন এর সাথে ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
(এসকেকে/এসপি/জুন ২৮, ২০২৬)
