প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন জাপানের
২০২৬ জুন ২৯ ১৪:১৩:৪৪
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বে এবার কঠিন এক পরীক্ষার মুখে জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সামনে রেখেও আত্মবিশ্বাস হারাচ্ছে না সামুরাই ব্লুরা।
বরং নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখে ইতিহাসে নতুন অধ্যায় লেখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে হাজিমে মোরিয়াসুর দল।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শেষ ষোলোয় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।
এশিয়ার প্রতিনিধিরা প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম মিডফিল্ডার তাকেফুসা কুবোকে পাচ্ছে না তারা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জাপানের কোচ মোরিয়াসু বলেন, ‘জাপানিরা অবশ্যই অর্জন করতে পারে। যে কোনো বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট, কিন্তু আমি চাই এই টুর্নামেন্টে আমরা ডার্ক হর্সদের মধ্যে ফেভারিট হিসেবে লড়াই করে এগিয়ে যেতে।
’
জাপানের এই কোচ মনে করেন, ব্রাজিলকে হারাতে পারলে সেটি শুধু একটি জয়ই হবে না, বরং দেশের ফুটবলের ইতিহাসে নতুন দিগন্তও উন্মোচন করবে।
মোরিয়াসু বলেন, ‘আমরা আরও একবার ইতিহাস বদলাতে আমাদের সেরাটা দেব। আমরা এমন একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যা সারা বিশ্ব দেখবে। আমি চাই, এটি এমন একটি ম্যাচ হোক, যা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে।’
বিশ্বকাপের অন্যতম সফল দল ব্রাজিলের বিপক্ষে জাপানকে আন্ডারডগ ধরা হলেও অতীতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখানোর অভিজ্ঞতা রয়েছে মোরিয়াসুর দলের। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় সামুরাই ব্লুরা।
(ওএস/এএস/জুন ২৯, ২০২৬)
