প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই
২০২৬ জুন ২৯ ১৯:৪২:০২
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে ফুল দিয়ে সাজানো ওসির গাড়ি চড়ে অবসরে গিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার।
ওসির নির্দেশনায় আজ সোমবার দুপুরে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে চড়িয়ে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেয়া হয়।
এর আগে অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিনের উপর পুষ্পবর্ষণ করে থানা থেকে সংবর্ধনা স্থলে নিয়ে আসে থানার পুলিশ সদস্যবৃন্দ। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে তাকে বিদায় জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
অবসরে যাওয়া পুলিশ সদস্য এসআই ছবির উদ্দিন সিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তাঁর চাকরি জীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকরি জীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে গেলেন।
বিদায়বেলায় আপ্লুত কন্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, বিদায় বেলায় যে সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমাকে ভালোবাসা দিয়ে তারা কাদিয়ে দিয়েছে। কর্মজীবনে সবার মনের মধ্যে যে জায়গা করে নিতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওসি স্যারের একান্ত প্রচেষ্টা ও ভালোবাসার কারণেই বিদায় বেলায় এতটা সম্মান পেয়েছি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পরিবারের নাম কি একজন সিনিয়র সদস্য ছিলেন। আজকে আমাদের থানা থেকে সে চলে যাচ্ছে। আসলে বিদায় বেলায় ওইভাবে কিছু বলার থাকে না। দীর্ঘ ৩৭ টি বছর পরিশ্রম করেছেন, বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুখ শান্তিতে থাকুক সেই প্রত্যাশা করি।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, এসআই ছবির উদ্দিন শিকদারের চাকরি জীবনের শেষ দিনে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়েছে। তার চাকরিজীবনে তিনি সততার সাথে জনগনের জন্য কাজ করেছেন। তাই তার প্রতি গোপালগঞ্জ জেলা পুলিশ কৃতজ্ঞ।
(টিবি/এসপি/জুন ২৯, ২০২৬)
