প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
‘হৃদয়ের আনন্দ বোঝানোর ভাষা নেই’
২০২৬ জুন ৩০ ১৩:৩৭:৪৬
স্পোর্টস ডেস্ক : বদলি নেমে চমক দেখালেন গাব্রিয়েল মার্তিনেল্লি। শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। ম্যাচ শেষে এই জয়ের আবেগ লুকাতে পারেননি। মাঠে সমর্থকদের উচ্ছ্বাস, গ্যালারিতে পরিবারের উপস্থিতি এবং দলের জন্য অবদান রাখতে পারার আনন্দ, সব মিলিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে মুহূর্তটা ছিল বিশেষ।
সাংবাদিকদের সামনে মার্তিনেল্লি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তার কথায়, ‘আমার হৃদয়ের আনন্দ বোঝানোর মতো শব্দ খুঁজে পাচ্ছি না। এত সমর্থককে দাঁড়িয়ে থাকতে দেখা, আমার বাবা-মা, বন্ধুদের দেখা, এটা ভাষায় বোঝানো কঠিন।’
ম্যাচে একবার পোস্টে বল লাগলেও হতাশ হননি মার্তিনেল্লি। বরং বিশ্বাস ছিল, আবার সুযোগ আসবে। তিনি বলেন, ‘পোস্টে লাগার পর আমি জানতাম, আরেকটা সুযোগ পাব। সত্যি বলতে, এটা বোঝানোর মতো ভাষা আমার নেই।’
নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন আর্সেনাল তারকা। বাঁ প্রান্তে খেলুক বা মাঝখানে, যেকোনো ভূমিকায় দলের কাজে আসাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মার্তিনেল্লি বলেন, ‘আমি শুধু খুশি যে দলকে সাহায্য করতে পেরেছি। বাঁ দিকে খেলি বা মাঝখানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে সাহায্য করা।’
(ওএস/এএস/জুন ৩০, ২০২৬)
