ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

২০২৬ জুলাই ০১ ১৭:৪৭:০৯
কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে সঞ্জীব সরকার (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত সঞ্জীব সরকার ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

মৃতের স্বজনরা জানান, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সঞ্জীব সরকার তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে রাত প্রায় ১০টার দিকে তার বাবা বাড়িতে ফিরে এলেও সনজিব আর বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে গভীর রাতে স্থানীয়রা সঞ্জীবের নিজস্ব মাছের ঘেরের বাসার সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

নিহতের পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহ মাছের ঘেরের সামনে ফেলে রেখে যেতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ০১, ২০২৬)