ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’

২০২৬ জুলাই ০১ ১৭:৫৬:০৮
‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’

রাজন্য রুহানি, জামালপুর : 'আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই' বলে দল ও দলের সকল স্তরের কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সাবেক চেয়ারম্যান ফকির আবু বক্কর সিদ্দিক। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আজ বুধবার সকালে আহুত এক সংবাদ সম্মেলনে তিনি তার ব্যক্তিগত এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "আমি ফকির আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান, ৫ নং নয়ানগর ইউনিয়ন ও সহ-সভাপতি, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ, জেলা জামালপুর। আমার একান্তই ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় উপজেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি দলীয় সকল কার্যক্রম থেকেও অব্যাহতি নিলাম।"

তিনি আরও উল্লেখ করেন যে, 'এখন থেকে দলের কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা থাকবে না।'

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফকির আবু বকর সিদ্দিক জানান, সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

(আরআর/এসপি/জুলাই ০১, ২০২৬)