ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার

২০২৬ জুলাই ০২ ০০:৩৪:২৭
নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিজের নামে লিখে না দেওয়ায় স্বামীকে পরিকল্পিতভাবে খুন করে গরুর ফার্মের রান্নাঘরের মেঝের নিচে পুঁতে রাখার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহতের ৫০ দিন পর মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে মাটির ১০ ফুট নিচু হতে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গত ০৯ মে ২০২৬ সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের আওলাদ হোসেন শেখ (৬৫) নিখোঁজ হন। তার ভাই ১০ মে থানায় জিডি করেন, জিডি নং-৪৫৯।

পরে নিহতের ছোট ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে ২৩ মে স্ত্রী রানী বেগম (৩৭) ভগ্নিপতি মানিক বেপারী (৩০) সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

মামলার পর ৩১ মে মানিক বেপারীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে ৩০ জুন সাভারের ডেইরী ফার্ম থেকে সাইফুল ইসলাম ৪২ কে গ্রেফতার করে পুলিশ। সাইফুলের স্বীকারোক্তিতে একই দিন গভীর রাতে রিপন (৩৫) ও বিন-আমিন (৩৮) কে গ্রেফতার করা হয়।

আসামীদের দেওয়া তথ্যমতে, চাইনপাড়ার বোরহান বেপারীর গরুর ফার্মের রান্নাঘরের মেঝে খুঁড়ে আওলাদ হোসেনের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে বেরিয়ে আসে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর আওলাদ হোসেন রানী বেগমকে বিয়ে করেন। তাদের কোনো সন্তান ছিল না। রানী বেগম ও তার ভগ্নিপতি মানিক বেপারী আওলাদ হোসেনের জমি রানীর নামে লিখে নিতে চাপ দিতেন। আওলাদ হোসেন অস্বীকার করে আরেকটি বিয়ের কথা বলায় তারা ক্ষুব্ধ হন।

পরিকল্পনা অনুযায়ী ০৯ মে সন্ধ্যায় মানিক বেপারী আওলাদ হোসেনকে গরুর ফার্মে ডেকে নেন। সেখানে সাইফুল মাথা চেপে ধরলে মানিক কোদাল দিয়ে গলায় আঘাত করে হত্যা নিশ্চিত করেন। বাইরে পাহারায় ছিলেন রিপন ও বিন-আমিন। পরে ৩ জন মিলে রান্নাঘরে গর্ত করে মরদেহ পুঁতে রাখেন।

গ্রেফতারকৃত ৪ জন হলো- মানিক বেপারী (৩০) পিতা-কায়কোবাদবেপারী, সাং- উত্তর চাইনপাড়া, সিরাজদিখান,মোঃ সাইফুল ইসলাম( ৪২) পিতা- মৃত গাফফার, সাং- পশ্চিম রাজেন্দ্রপুর কানপাড়া, রংপুর কোতয়ালী,মোঃ রিপন(৩৪) পিতা- মৃত মমিন শেখ, সাং- চাইনপাড়া, সিরাজদিখান, মোঃ বিন আমিন শেখ (৩৫) পিতা- মৃত হাজী ইদ্রিছ আলী শেখ, সাং- চাইনপাড়া, সিরাজদিখান।

মুন্সীগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে ১ জুলাই প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়।

(এমকে/এএস/জুলাই ০২, ২০২৬)