ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

২০২৬ জুলাই ০২ ১৮:২০:৪৪
ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি : রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় গত বুধবার (১ জুলাই ) দিবাগত গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, (ঝ) বগির করিডোরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মাদক বহন করছেন।

পরে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সহযোগিতায় সন্দেহভাজন মো. জাহাঙ্গীর আলমকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইন আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ৮(গ) ধারায় রাজশাহী রেলওয়ে থানায় বৃহস্পতিবার (২ জুলাই) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০২৬)