ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক

২০২৬ জুলাই ০২ ১৯:২৪:৫৮
বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-রৌমারী মহাসড়কে হাইওয়ে পুলিশের সিগন্যাল দেখে মোটরবাইক রেখে দৌড়ে পালালো এক যুবক। বাইকের পেছনে একটি বস্তা বাঁধা ছিল। বস্তা খুলে দেখা গেল সেখানে গাঁজা রয়েছে ৪৫ কেজি! যার আনুমানিক দাম ৯ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনানী পাড়া সড়কের ওপর থেকে বস্তাসহ গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে জামালপুর-রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি চালাচ্ছিলো হাইওয়ে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বড়সড় একটি বস্তা দেখে চালককে থামতে সিগন্যাল দেওয়া হয়।

মোটরসাইকেলটি নিরাপদ দূরত্বে থামিয়ে দৌড়ে পালিয়ে যায় চালক। এতে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে ৪৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মোটরসাইকেল ও গাঁজা জব্দ করে পুলিশ।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আরআর/এসপি/জুলাই ০২, ২০২৬)