ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি

২০২৬ জুলাই ০৩ ১৮:৪২:৫৪
লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : "হয় মাদক ছাড়ো, নয়তো খড়িয়া ছাড়ো" এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া এলাকায় এক বিশাল মাদকবিরোধী বিক্ষোভ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যাপারে এ মাদক বিরোধী বিক্ষোভ ও সচেনতামূলক হয়।

যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুন্দর আগামী গড়ে তোলার লক্ষ্যে এই কঠোর অবস্থান নিয়েছেন কুমারভোগ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। খড়িয়া ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মাদকবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা খড়িয়া এলাকা থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মাদক ব্যবসায়ী ও সেবকদের উদ্দেশ্যে স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন "হয় মাদক ছাড়ো, নয়তো খড়িয়া ছাড়ো।"

এলাকায় কোনো ধরনের মাদকের সিন্ডিকেট বা অপকর্ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।

আয়োজকরা তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা পরিহার করে দেশ ও দশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। মাদককে 'না' বলে একটি সুন্দর ও সুস্থ জীবন গড়ার প্রতি জোর দেওয়া হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন: "নতুন আলোয় খড়িয়া হাসবে, যুব শক্তি পাশে থাকবে।"

খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সচেতন নাগরিক ও বিএনপি নেতৃবৃন্দের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। মাদকমুক্ত সমাজ গঠনে এই আন্দোলন আগামীতেও জোরালোভাবে বজায় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাওছার তালুকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়র বিএনপির সাধাণ সম্পাদক মো. বাবু খান, যুগ্ম সম্পাদক মো. তানজিল খান, সাবেক সভাপতি মো. কল্লোল বেপারী, যুবদল নেতা মো. আব্দুল মান্নান খান, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. কামবুল হাসান প্রমূখ।

(এমকে/এসপি/জুলাই ০৩, ২০২৬)