ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

২০২৬ জুলাই ০৮ ১২:১২:৪১
নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকগুলোতে মাদক দমন, আইন-শৃঙ্খলা সহযোগিতা, অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মহসিনের সঙ্গে বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সামগ্রিক আইন-শৃঙ্খলা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) পেতে যে মানবিক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, সে বিষয়টিও তুলে ধরেন।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লংয়ের সঙ্গে বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, কনস্যুলার সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবপাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এ সময় ভিয়েতনামের উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন আহমদ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন।
একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর সহায়তা কামনা করেন।

রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৬)