ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড

২০২৬ জুলাই ১০ ১৩:১২:৪৭
ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এমন আধিপত্য এর আগে কখনোই দেখাতে পারেনি ইংল্যান্ড। এবার সেটিই করে দেখাল হ্যারি ব্রুকের দল।

ব্রিস্টলে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর টানা তিন ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দুই বা তার বেশি ম্যাচের কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ইংলিশরা।

টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল নড়বড়ে।
বৈভব সূর্যবংশী, ইশান কিষান ও অভিষেক শর্মাকে দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ৪৮ রানেই তিন উইকেট হারানোর পর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও শিভম দুবে ৫৩ রানের জুটি গড়লেও রান তোলার গতি ছিল মন্থর।

দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন একাই শ্রেয়াস। পাঁচ ছক্কা ও চারটি চারে ৪৯ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন তিনি। সবমিলিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান।

ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার ২০ রানে ২টি এবং জশ টাং ৩৬ রানে ২টি উইকেট নেন।

১৫৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই জস বাটলারের উইকেট হারায় ইংল্যান্ড। তবে এরপর আর কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। ফিল সল্ট ও অধিনায়ক হ্যারি ব্রুক দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটি গড়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ব্রুক ছিলেন বিধ্বংসী। মাত্র ৩৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন তিনি। অন্য প্রান্তে সল্ট খেলেন ৪২ বলে ৫৯ রানের ইনিংস। দুজনের ব্যাটে ৩৭ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় ইংল্যান্ড।

এই হারে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে টানা পঞ্চম ম্যাচ হারল ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারার পর এবার ইংল্যান্ডের কাছেও সিরিজ খুইয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার পর পরপর দুটি সিরিজ হারল ভারত, যা ২০১৯ সালের পর এই প্রথম। আর ইংল্যান্ডের সামনে এখন নতুন লক্ষ্য। শনিবার শেষ ম্যাচ জিততে পারলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে যাবে তারা।

(ওএস/এএস/জুলাই ১০, ২০২৬)