প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
‘মেসি যতদিন চাইবে, ও-ই সেরা থাকবে’
২০২৬ জুলাই ১১ ১৪:৪৬:৪০
স্পোর্টস ডেস্ক : বয়স ৩৯, কিন্তু মাঠে তার বাঁ পায়ের জাদু দেখলে বোঝার উপায় নেই যে সময়ের ঘড়ি কতটা পেরিয়ে গেছে! বয়সকে স্রেফ একটি সংখ্যা বানিয়ে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাচ্ছেন মহাতারকা লিওনেল মেসি।
মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে নিজের মুগ্ধতার কথা আরও একবার প্রকাশ করলেন কোচ লিওনেল স্কালোনি। তার দৃঢ় বিশ্বাস, মেসি যতদিন খেলা চালিয়ে যেতে চাইবেন, ততদিন তিনিই বিশ্বের সেরা ফুটবলার হিসেবে রাজত্ব করবেন।
চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি।
এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। শেষ ষোলোর নকআউট পর্বে মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়েও ত্রাতা ছিলেন এই ফরোয়ার্ড।
ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ে যখন বিদায়ের শঙ্কায় আলবিসেলেস্তেরা, ঠিক তখন ম্যাচের শেষ ১১ মিনিটে জাদুকরী নেতৃত্ব দিয়ে দলকে ঘুরে দাঁড় করান মেসি। নিজে এক গোল করার পাশাপাশি ক্রিস্তিয়ান রোমেরোর গোলেও অ্যাসিস্ট করেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে পেশির চোটের কারণে মেসির ফিটনেস নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে আজ ভোরে সুইজারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাঠের পারফরম্যান্সে মেসির কোনো ঘাটতি তিনি দেখছেন না।
আর্জেন্টাইন মাস্টারমাইন্ড বলেন, ‘লিও প্রতি ম্যাচে কম-বেশি একই রকম দৌড়ায়। শারীরিকভাবে এটা সত্যি যে, সে তার ফিটনেস কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে এবং তার ফলও হাতেনাতে পাওয়া যাচ্ছে। তবে পরিসংখ্যানে তার দৌড়ানোর পরিমাণের খুব একটা হেরফের হয়েছে বলে আমার মনে হয় না।’
তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নিজের সর্বোচ্চটা দিচ্ছে। যখন সে নিজের শতভাগ দেয় এবং বুঝতে পারে যে প্রতিপক্ষের ডিফেন্সে ফাটল ধরানো সম্ভব, তখন সে মাঠে যেন একটি অপ্রতিরোধ্য মেশিনে পরিণত হয়।’
মেসির বয়স ও সামর্থ্য নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে স্কালোনি বলেন, ‘মেসির ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। হয়তো যারা তাকে চেনে না, তারা ভেবেছিল ৩৯ বছর বয়সে এসে সে এই পর্যায়ে ফুটবল খেলতে পারবে না। তবে আমি এর আগেও বহুবার বলেছি, ও যতদিন নিজে চাইবে, ও-ই সেরা থাকবে। আমি আর্জেন্টিনার কোচ বলেই যে এ কথা বলছি, তা কিন্তু নয়।’
আগামীকাল রবিবার সকালে কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহ করে স্কালোনি বলেন, ‘আমরা সবাই জানি, ফুটবলে কোনো সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। সুইজারল্যান্ড খুবই শক্তিশালী দল। ওরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করে এবং সবসময় নিজেদের প্রমাণ করে। ওরা জিতুক বা হারুক, লড়াইটা সবসময় সমানে সমানে দেয়। বিশ্বকাপে ওদের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং শারীরিকভাবেও তারা বেশ শক্তিশালী।’
উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। কানসাস সিটির এই হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় শুরু হবে।
(ওএস/এএস/জুলাই ১১, ২০২৬)
