প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
২০২৬ জুলাই ১৩ ১৫:৩৫:৪২
স্পোর্টস ডেস্ক :টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।
এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যাদুর্গতদের জন্য দোয়া ও সহযোগিতার আবেদন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার।
পাশাপাশি বিসিবির পক্ষ থকে যতটুকু প্রয়োজন সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত।
লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ।
এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও। বানভাসি মানুষদের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করব।’
সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার এবং সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।’
জাতীয় দলের অলরাউন্ডার আফিফ হোসেনও দুর্গত মানুষের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, ‘এই কঠিন সময়ে চট্টগ্রামের মানুষের জন্য সবাই দোয়া করুন। যদি সামর্থ্য থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। সাহায্য, সহযোগিতা বা একটি আন্তরিক দোয়াও অনেক মূল্যবান। আসুন, সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই।’
পেসার এবাদত হোসেনও একই সুরে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, ‘চট্টগ্রামের জন্য দোয়া করুন। ভয়াবহ বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসুন, আমরা সবাই প্রার্থনা, সহমর্মিতা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াই। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আমিন।’
(ওএস/এএস/জুলাই ১৩, ২০২৬)
