প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
২০২৬ জুলাই ১৩ ১৭:৫০:২৫মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি দেশের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার যে বার্তা তিনি দিচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফলকালে মাওয়া পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে তাঁকে শুভেচ্ছা জানাতে এসে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি সম্পৃক্ততা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তাবায়ন এবং জনগণের প্রত্যাশা-প্রাপ্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা বিশ্বাস করি, এ সফরের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।
এসময় বরিশাল সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে মাওয়া পদ্মা সেতু এলাকায় নেতা -কর্মীদের ভিড় জমে। তাকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। টোলপ্লাজা, এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়ক জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় তাঁর আগমনকে কেন্ত্র করে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এক্সপ্রেসওয়ের পূর্ব প্রান্তে অবস্থান নেন।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মাওয়া প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
(এমকে/এসপি/জুলাই ১৩, ২০২৬)
