ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ জুলাই ১৩ ১৯:২৬:২৪
গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল গমনের পথে তাকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গায় ঢল নেমেছিল সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের। আজ সোমবার ভোর থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে ভাঙ্গা গোল চত্বর ও এর আশপাশের সড়ক ও মহাসড়ক এলাকা এক বিশাল জনস্রোতে পরিণত হয়।

আজ ভোর থেকেই ফরিদপুর ও এর আশপাশের অঞ্চলের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ভাঙ্গা গোল চত্বরে এসে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।

সকাল পৌনে আটটায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর ভাঙ্গা গোল চত্বর এলাকায় পৌঁছালে অপেক্ষমাণ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা তাকে রাজকীয় সংবর্ধনা ও স্বাগতম জানান। এ সময় প্রধানমন্ত্রী তাঁর চলন্ত গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সমবেত বিশাল জনতার উষ্ণ অভিবাদনের জবাব দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গা গোল চত্বরে আগে থেকেই উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম খন্দকার।

এছাড়াও ফরিদপুর অঞ্চল ও ভাঙ্গা উপজেলার বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই অভ্যর্থনা কর্মসূচিতে অংশ নেন। সমবেত নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

(ডিসি/এসপি/জুলাই ১৩, ২০২৬)