ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

২০২৬ জুলাই ১৪ ১৪:৪৬:২৪
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। দুই ফুটবল পরাশক্তির এই ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনায় রয়েছে রেফারিংও।

ম্যাচ পরিচালনার জন্য অভিজ্ঞ মার্কিন রেফারি ইসমায়েল এলফাতকে দায়িত্ব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন ৪৪ বছর বয়সী এলফাত। তাকে সহায়তা করবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।
এছাড়া ইতালির মাউরিজিও মারিয়ানি থাকবেন চতুর্থ রেফারি এবং দানিয়েলে বিনদোনি দায়িত্ব পালন করবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে।

এলফাত আন্তর্জাতিক ফুটবলে পরিচিত একটি নাম।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ঐতিহাসিক ম্যাচে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এবার বিশ্বকাপের সেমিফাইনালে সরাসরি প্রধান রেফারির দায়িত্ব পেয়ে ক্যারিয়ারের অন্যতম বড় মঞ্চে নামতে যাচ্ছেন তিনি।

২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন এলফাত। দুইবার এমএলএসের বর্ষসেরা রেফারি নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০১৬ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। বড় ম্যাচ পরিচালনায় তার অভিজ্ঞতা দীর্ঘদিনের।

চলতি বিশ্বকাপেও ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচ পরিচালনার পর শেষ ষোলোর ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তার বাঁশি ছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করলেও এলফাতের জন্ম মরক্কোয়। ২০০১ সালে ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এরপর সেখানেই গড়ে তোলেন নিজের রেফারিং ক্যারিয়ার।

বড় ম্যাচ পরিচালনায় উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত এর আগে ২০২২ এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালও পরিচালনা করেছেন। এবার তার সামনে আরও বড় পরীক্ষা। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মতো দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীর লড়াই।

উল্লেখ্য, আর্জেন্টিনা ও ইংল্যান্ড সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের শেষ দেখা হয়েছিল ২০০২ বিশ্বকাপে। প্রায় ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে মাঠের খেলোয়াড়দের পাশাপাশি রেফারি এলফাতের প্রতিটি সিদ্ধান্তও থাকবে কড়া নজরদারিতে।

(ওএস/এএস/জুলাই ১৪, ২০২৬)