প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জামালপুরে নানা আয়োজনে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
২০২৬ জুলাই ১৬ ১৮:৫৬:১৮
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে সরকারি প্রশাসন, রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার উদ্যোগে বিভিন্ন স্থানে দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া প্রতিটি উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসেনর সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথি জুলাইয়ে শহীদ ও আহতের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সংগ্রাম করেছি একটি স্বৈরশাসককে হঠানোর জন্য। অবশেষে ছাত্রজনতার সম্মিলিত আন্দোলনে অনেক রক্তের বিনিময়ে সেই সরকারের পতন হয়েছে। এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে যেভাবে আমরা এখনো আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করে চালিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতা আমাদের সবার রক্ষা করতে হবে। তাহলেই সুন্দর ও সমৃদ্ধ হবে আমাদের এই বাংলাদেশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম ও ইমন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. কামাল, জুলাই গণঅভ্যুত্থান শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী প্রমুখ।
আলোচনা সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জামালপুরের বিভিন্ন স্কুল-কলেজে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোহর ও আসর নামাজের পর জেলা শহরের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
(আরআর/এসপি/জুলাই ১৬, ২০২৬)
