প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সভাপতি আসজাদুর, সম্পাদক অহিদুজ্জামান
নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
২০২৬ জুলাই ১৮ ১৭:৪৬:৫৬
রূপক মুখার্জি, নড়াইল : ঢাকায় বসবাসরত নড়াইলবাসীর পারস্পরিক যোগাযোগ, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কল্যাণমূলক উদ্যোগকে বেগবান করতে গঠিত ‘নড়াইল জেলা সমিতি, ঢাকা’র নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। ২০২৬ সালের এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪১টি পদের সব কটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে আজাদ এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম গুলজার হোসেন খান ও অ্যাডভোকেট ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোনো পদেই একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসজাদুর রহমান (মিঠু) এবং সিনিয়র সহসভাপতি হয়েছেন শিকদার রাশেদ কামাল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. অহিদুজ্জামান (পিপিএম)। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ শরীফুল ইসলাম (মিলন) এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রণব কুমার রায় নির্বাচিত হয়েছেন।
৪১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য পদের মধ্যে রয়েছেন সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং ১২ জন কার্যনির্বাহী সদস্য।
নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম (মিলন) এক প্রতিক্রিয়ায় বলেন, "এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সামাজিক সংগঠন। ঢাকার বুকে নড়াইলের সব শ্রেণী-পেশার মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নড়াইল জেলা সমিতি, ঢাকা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।"
(আরএম/এসপি/জুলাই ১৮, ২০২৬)
