ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ

২০২৬ জুলাই ১৮ ১৯:০৫:১২
৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মাদকবিরোধী দৌড় প্রতিযোগিতা। ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় এমপিসহ ২৫০ জন নারী-পুরুষ। মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে এবং সুস্থসবল শরীর গঠনে ব্যায়ামের গুরুত্ব তুলে ধরাই ছিলো এই দৌড় প্রতিযোগিতার উদ্দেশ্য।

আজ শনিবার সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমি।

দৌড় শুরুর আগে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমির চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতেই মাদকবিরোধী এই দৌড় প্রতিযোগিতা নিঃসন্দেহে একটি ব্যাতিক্রমী আয়োজন। এরকম আয়োজন সমাজে মাদকের বিরুদ্ধে তরুণদের স্বতঃস্ফূর্ত অবস্থান এক বিশেষ বার্তা পৌঁছাবে সহজেই। এছাড়া নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি মানুষকে বিপথগামী হতে বাধাগ্রস্ত করবে।

আলোচনা-বক্তব্য শেষে ৫ কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া দৌড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালাপাড়া হয়ে আবার স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

এ প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে রানা মিয়া ও নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

(আরআর/এসপি/জুলাই ১৮, ২০২৬)