প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
'মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প পথ নেই'
২০২৬ জুলাই ১৯ ১৩:৫৫:৫৮
রাজন্য রুহানি, জামালপুর : মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প পথ নেই উল্লেখ করে জামালপুর সদর আসনের এমপি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, 'আমাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হলো যুবক-তরুণ ছাত্ররা। যারা আগামী দিনে এই জাতির নেতৃত্ব দেবে। কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাদক। এই মাদক আমাদের যুবক-তরুণ ছাত্রদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।'
তিনি আরও বলেন, 'একটা সন্তান একটা পরিবারের জন্য আর্শিবাদ। একটা সন্তান একটা পরিবারকে সমৃদ্ধ করতে পারে। একটা সন্তান একটা গ্রামকে সমৃদ্ধ করতে পারে। আবার সেই সন্তান যদি মাদকাসক্ত হয়, তখন ওই সন্তানটি ওই পারিবার, ওই গ্রাম, ওই সমাজের জন্য অভিশাপ।'
'চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' প্রতিপাদ্যে জামালপুরে মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যােগে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের মুসলিমাবাদ চৌরাস্তায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাইয়েদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আরও বলেন,
'আমরা এই জামালপুরকে একটি শান্তির সুন্দর ও সমৃদ্ধ জামালপুরে রূপান্তরিত করতে চাই। তাই আমাদের যুবক-তরুণ ছাত্রদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং জামালপুরকে মাদকমুক্ত করতে হলে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই।'
জেলা যুবদলের সদস্য রুকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুর ইসলাম সাত্তার, মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ইকরামুল হক নবীন, জাবেদ গ্রুপের পরিচালক রকিবুল করিম, মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদ আলী, বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সমন্বয়ক স্বপন সওদাগর , মুসলিমাবাদ মসজিদ কমিটির সভাপতি সোহেল রানা খোকন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদিকা সালমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেতু সরকার, জেলা ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ্ জামাল প্রমুখ।
সমাবেশে মুসলিমাবাদ এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
(আরআর/এএস/জুলাই ১৯, ২০২৬)
