প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
অপরাধ দমনে কঠোর অবস্থানের বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
২০২৬ জুলাই ১৯ ১৩:৫৮:০৭
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি শনিবার (১৮ জুলাই) ফরিদপুরের নগরকান্দা উপজেলার একদিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আইন-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সফরের শুরুতে প্রতিমন্ত্রী ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরে তিনি একই ইউনিয়নে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মাসুদুর রহমানের ভাতিজা ও নাতির শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশ, ফরিদপুর আয়োজিত "শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি" শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সভায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "অন্যায় করে পাশে বসে চা-কফি খেলেই বাঁচবেন—এমন ভাবার কারণ নেই। আইন সবার জন্য সমান। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে।"
তিনি আরও বলেন, সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠের তালিকা প্রস্তুত করছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
দিনব্যাপী কর্মসূচি শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
(পিবি/এএস/জুলাই ১৯, ২০২৬)
