প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২০২৬ জুলাই ১৯ ১৫:১২:০০
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
রবিবার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত 'দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল' শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মানসিকতা নিশ্চিত করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা এ সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।'
তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মশালা আয়োজন বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি গ্রহণের কোনো যৌক্তিকতা নেই, যদি তা জনগণের বাস্তব কল্যাণে না আসে।
সঠিক নীতি প্রণয়নের স্বার্থে দেশের পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতভিত্তিক কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নীতি প্রণয়ন সরকারের রাজনৈতিক ম্যান্ডেটের ভিত্তিতে হয়। আর সেই নীতির আলোকে কর্মসূচি নির্ধারণ, প্রকল্প প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার বিধি অনুযায়ী বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৬)
