প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
২০২৬ জুলাই ১৯ ১৮:৫৯:৫৪
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ করে নিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আজ রবিবার সকালে সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরী ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন। এরপর দলীয় নেতা-কর্মীরা এমপিকে নিয়ে মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন।
পরে বিদ্যালয়ের উন্মুক্তমঞ্চে প্রধান শিক্ষক মো: মোরাদুজ্জামানের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল- ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট নিপুন রায়চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড.এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। সূধী সমাবেশ শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। এ সময় নড়াইলের জেলা প্রশাসক ড. আবদুল ছালামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগদান করেন। জেলা প্রশাসক ড. আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড.ফরিদুজ্জামান ফরহাদ।
সমন্বয় কমিটির সভায় প্রধান বক্তা হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরী বলেন, "বর্তমান নির্বাচিত সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সেবক হিসেবে এ সরকার আবির্ভূত হয়েছে। জনগণের সেবা ছাড়া অন্য কোন উপায়ে জনগণের মন জয় করা সম্ভব নয়। তাই সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সরকারের যাবতীয় কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক হতে হবে।"
সমন্বয় কমিটির সভা শেষে সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়ার কুন্দশী এলাকায় অবস্হিত বাসভবনে মধ্যাহ্নভোজে মিলিত হন। বিশ্রাম শেষে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে নড়াইলের লোহাগড়া ত্যাগ করেন।
(আরএম/এসপি/জুলাই ১৯, ২০২৬)
