ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’

২০২৬ জুলাই ২০ ১৪:৫৭:০০
‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের সময় বিদেশি শক্তি আন্দোলনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

নুর বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপি, যুগপৎ আন্দোলনের শরিক দল, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়।

তবে আন্দোলনের শেষ পর্যায়ে কিছু বিদেশি শক্তি এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল।

তিনি দাবি করেন, আন্দোলনের সময় তাকে বিভিন্ন বিদেশি সংস্থা ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নানা ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণতান্ত্রিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

নুর বলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি জানতে পারেন, আন্দোলনের শেষ কয়েক দিনে একটি বিদেশি মহল ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

এমনকি কিছু শিক্ষার্থীকে দূতাবাসে রেখেও যোগাযোগ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব বিস্তার এবং নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছে। এ সময় ছাত্রদের ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে নুর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটি অতীত অধ্যায়। তাদের কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগের যে কোনো তৎপরতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা এবং প্রবাসী কার্ড চালুর মতো উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীদের কাজের অগ্রগতি নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী।

নুর বলেন, এই মুহূর্তে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে বিএনপির বিকল্প নেই। সরকারকে ব্যর্থ করার রাজনীতি নয়, গণতন্ত্রকে শক্তিশালী করার রাজনীতি করতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে যে কোনো বিদেশি প্রভাব, ষড়যন্ত্র ও রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নুর।

(ওএস/এএস/জুলাই ২০, ২০২৬)