ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

২০২৬ জুলাই ২০ ১৫:৩৫:৩৮
সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়েনএক প্রাইভেটকার চালককে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার মাঝরাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের কেসমতের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।সোমবার সকালে পুলিশ নিহতের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে।

নিহতের নাম সুমন হুসাইন(৩২)। সে সাতক্ষীরা সদর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পূর্ব কৈখালী গ্রামের সোহাগ হোসেন জানান,তার ভাই লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের জামায়ত কর্মী মনোয়ার হোসেন ওরফে বাবুর প্রাইভেট কার চালক। মনোয়ার হোসেন বাবু আগামী লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়ত মনোনীত প্রার্থী। শারীরিক অসুস্থতার কারণে সুমন রবিবার রাতের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যায়নি। রবিবার রাত ১১ টার দিকে পরিচিত কারো ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সোমবার ভোর ৫ টার দিকে পূর্ব কৈখালী গ্রামের কেসমত আলী তার ঘেরের মধ্যকার প্রায় কোমর সমান পানিতে উপুড় করা অবস্থায় সুমনের বিবস্ত্র লাশ দেখতে পেয়ে তাকে খবর দেন। সকাল ১১ টার দিকে পুলিশ সুমনের লাশ উদ্ধার করে। লাশের পাশে পড়ে থাকা সুমনের ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া গেলেও তাতে সিম দুটি পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সুমনকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নলকুড়া গ্রামের মনোয়র হোসেন জানান, দীর্ঘদিন ধরে সুমন তার প্রাইভেট কার চালক হিসেবে কাজ করতো। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ জানান, সুমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। তবে সোমবার দুপুর দেড়টা পর্যন্ত এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।

(আরকে/এএস/জুলাই ২০, ২০২৬)