ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন

২০২৬ জুলাই ২০ ১৮:৪০:১৩
এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে প্রাইভেট পড়তে যাবার সময় এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে শামীম, শিপন ও জালাল নামে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের সমুদয় টাকা পাবেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী।

আজ সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শামীম (৩৬) সদর উপজেলার ভারুয়াখালী শেখবাড়ি এলাকার সাদেক আলীর ছেলে এবং শিপন (৩১) একই উপজেলার ভারুয়াখালি হরিপুর এলাকার খোশ মাহমুদের ছেলে। অপর আসামি প্রাইভেটকার চালক জালাল (৩৬) বাঁশচড়া ইউনিয়নের বীরজপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে।

আদালতের রায় সূত্রে জানা গেছে, গত ২৪ সালের ২২ ডিসেম্বর সকাল ৭টায় প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। ভ্যানগাড়িযোগে প্রাইভেটে যাবার পথে একটি সাদা প্রাইভেট কার ভ্যানগাড়িটির পথ আটকায়। প্রাইভেট কার থেকে বের হয়ে ধারালো অস্ত্র ধরে ওই স্কুলছাত্রীর মুখে ওড়না পেঁচিয়ে অপহরণ করে গাজিপুর নিয়ে যায় আসামিরা। স্কুলছাত্রীকে গাড়িতে রেখে আসামিরা পাশেই বিকাশের দোকানে টাকা তুলতে যায়। এই সুযোগে বাড়িতে ফোন করে ঘটনাটি জানায় ওই স্কুলছাত্রী। ঘটনাটি তার বাবা জামালপুর থানায় জানালে ঘটনাস্থল গিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, অপহরণের ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা মো. কবির হোসেন বাদী হয়ে শামীম ও শিপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য দেন ৭ জন সাক্ষী। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ডের সমুদয় টাকা ভুক্তভোগী প্রাপ্য হবেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ।

(আরআর/এসপি/জুলাই ২০, ২০২৬)