ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

২০২৬ জুলাই ২০ ১৮:৫৪:৩৯
ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকা হতে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১০ সিপিসি-৩ এর একটি অভিযানিক দল। এসময় মাদক পরিবহনে কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরের দিকে ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকা হতে এ বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

উত্তরাধিকার ৭১ নিউজকে এসব খবর নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তপন সরকার।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রবিবার (১৯ জুলাই) তারিখ দুপুর অনুমান আড়াইটার একটু পরে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযানিক দলটি ঢাকা টু ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এর নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামা ২ ব্যক্তি কাভার্ড ভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১০০ (একশত) কেজি গাঁজা (যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ত্রিশ লক্ষ টাকা) উদ্ধার করে। এসব ওই মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করে।

র‌্যাব আরও জানায়, অজ্ঞাতনামা ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া উল্লেখ করে- মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি' অনুসরণ করে ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ২০, ২০২৬)