প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
‘মেসি যা করেছেন তা সত্যিই অবিশ্বাস্য’
২০২৬ জুলাই ২১ ১৪:৩৯:৫২
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জিতে টুর্নামেন্টসেরাও হয়েছেন রদ্রি। তবে ব্যক্তিগত অর্জনের আনন্দের মাঝেও ফাইনাল শেষে লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধার কথাই তুলে ধরলেন স্পেনের এই মিডফিল্ডার।
নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন রদ্রি। সেখানেই আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে আবেগঘন মন্তব্য করেন তিনি।
ম্যানচেস্টার সিটির এই তারকা বলেন, ‘অধিনায়কদের টসের সময় তার সঙ্গে একটি ছবি তুলতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ফুটবলের জন্য তিনি যা প্রতিনিধিত্ব করেন, সেটা অসাধারণ।
ম্যাচ শেষে তাকে কাঁদতে দেখেছি। আমার মনে হয়, একজন ফুটবলার হিসেবে তিনি যা অর্জন করেছেন এবং আর্জেন্টিনা ফুটবলকে যা দিয়েছেন, সেটার কথাই তখন তার মনে পড়ছিল।
আমি শুধু বলতে পারি, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। তিনি যা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য।’
ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে রদ্রির হাতেই ওঠে টুর্নামেন্টসেরার (গোল্ডেন বল) পুরস্কার।
এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্যক্তিগত সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। এর আগে তিনি জিতেছেন ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং ২০২৩ সালের ব্যালন ডি'অর।
অন্যদিকে, শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপের সম্ভাব্য শেষ ম্যাচ শেষে তার কান্নার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর সেই আবেগঘন মুহূর্তে প্রতিপক্ষ দলের খেলোয়াড় হয়েও মেসির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করে সবার প্রশংসা কুড়ান রদ্রি।
(ওএস/এএস/জুলাই ২১, ২০২৬)
